![]()
ঢাকার আদাবর এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আদাবর থানা যুবদলের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব আহমেদ রানা তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত কথিত অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার ও মানহানিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, একটি উদ্দেশ্যপ্রণোদিত মহল দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছে। তাঁর দাবি, কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন।
সজীব আহমেদ রানা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আদাবর এলাকায় পরিচ্ছন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা আইনগতভাবে তদন্ত করে প্রকাশ করার আহ্বান জানান তিনি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার জবাব দিতেও তিনি প্রস্তুত বলে উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত বিদ্বেষ থেকেই একটি চক্র ধারাবাহিকভাবে তাঁর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগের পক্ষে কোনো আদালতের রায় বা নির্ভরযোগ্য অনুসন্ধানী প্রতিবেদন নেই।
এ বিষয়ে তিনি জানান, প্রথমে আদাবর থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করা হলেও সেখানে কিছু তথ্যগত ভুল থাকায় সেটি প্রত্যাহার করে পরবর্তীতে অনলাইনে নতুন করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর দাবি, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রাপ্ত একটি সিডিকে কেন্দ্র করেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বিষয়টি সংশোধনের জন্য তিনি পুনরায় অনলাইন জিডি করেছেন বলে জানান।
সজীব আহমেদ রানা বলেন, মিথ্যা তথ্য প্রচার ও মানহানির অভিযোগে তিনি ডিজিটাল নিরাপত্তা-সংক্রান্ত প্রচলিত আইন ও সাইবার অপরাধের আওতায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে অনুসন্ধান করে প্রকৃত তথ্য দেশবাসীর সামনে তুলে ধরা হোক।
তিনি আরও অভিযোগ করেন, Dhaka Xpress এবং বাকের ভাই নামে পরিচালিত দুটি ফেসবুক পেজ/আইডির বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে এসব পেজ বা আইডির কার্যক্রম ও বৈধতা তদন্তের আবেদন জানানো হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, একজন নাগরিক হিসেবে দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে কাউকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর অভিযোগ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আদাবরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সজীব আহমেদ রানা বলেন, কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যারা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছেন, তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।
তিনি আরও বলেন, সামনে আদাবর থানা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া রয়েছে। তাঁর বিশ্বাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ও দুর্নীতির প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। তিনি নিজেও দলের আদর্শ অনুসরণ করে জনগণের পাশে থেকে কাজ করে যেতে চান বলে জানান।