![]()
আইনশৃঙ্খলার রক্ষক নাকি অপরাধ নিয়ন্ত্রণের আড়ালে কোনো প্রভাবশালী ছায়া নিয়ন্ত্রক। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহকে ঘিরে উঠে আসা একের পর এক বিস্ফোরক তথ্যে এখন থমথমে থানা প্রাঙ্গণ। স্বরাষ্ট্রমন্ত্রী, জেলার পুলিশ সুপার (এসপি) এমনকি স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নাম ভাঙিয়ে পুরো থানা প্রশাসনকে তিনি নিজের মুঠোয় করে রেখেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। সাভার মডেল থানা প্রাঙ্গণে আদালত বসিয়ে বিচার, আসামি গ্রেপ্তার, আসামি চালান, মামলার গতিপথ পরিবর্তন থেকে শুরু করে জামিন পাইয়ে দেওয়ার গোপন চুক্তি সবখানেই ক্ষমতার চরম দাপট দেখিয়েছেন এই কর্মকর্তা।
অনুসন্ধান ও থানা সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী মহল ও স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে থানায় একক আধিপত্য কায়েম করেছেন। তিনি সহকর্মী অন্যান্য এসআই ও জুনিয়র পুলিশ সদস্যদের সর্বক্ষণ তটস্থ রাখেন। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বিশেষ সক্ষতা তৈরি করে নিজের অপরাধ ঢাকা, মামলার তদবির বাণিজ্য চালানো ও অনৈতিক সুবিধা আদায়ের নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সম্প্রতি প্রকাশ্যে আসা একাধিক অডিও রেকর্ডে এসআই নেয়ামতের দাপট ও সহকর্মীদের হুমকি দেওয়ার সরাসরি প্রমাণ মিলেছে। সামান্য হেসে কথা বলা বা তাঁর কথার প্রতিবাদ করার জেরে সহকর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দিতে শোনা যায় তাঁকে। একটি অডিও ক্লিপে তিনি অত্যন্ত আগ্রাসী কণ্ঠে এক সহকর্মীকে বলেন,আমি চাইলে ১০ মিনিটে আপনার চাকরিটা চলে যাবে। জাস্ট ১০ মিনিট, আমি আপনাদের গভীরের খবরও জানি। আমার মুখ ছুটাইয়েন না। আমি খুব রিজার্ভ লোক।
নিজেকে ধরাছোঁয়ার বাইরে প্রমাণ করতে এসআই নেয়ামতের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ফাঁস হওয়া একটি অডিওতে তাঁকে বলতে শোনা যায়, "আপনি জানেন না যে আমি এটা (শামীম রেজা, মাহাবুব সামির কান্ড) নিয়ে কতখানি, কতদূর আমার সাথে কার কার কথা হইছে। আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হইছে। এডা আপনারা জানেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস ফোন দিছে আমারে, এটা জানে একমাত্র সার্কেল স্যার।
তিনি আরও দাবি করেন,স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সাভার থানার মধ্যে যত যেই কয়ডা মামলা সেই কয়ডা (শামীম রেজাকে)দেওয়ার জন্য। একমাত্র আমার আলফা-৩ (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস) আর আলফা-৭ (অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল) দুইজন মিল্লা এসপি স্যাররে বুঝাইয়া বলছে,স্যার এত মামলা দেওয়া যাবে না।স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার এসপি স্যারকে দিয়ে ঠিক এই কথা পাস করছে।
এসআই নেয়ামতের বিরুদ্ধে মোবাইল হ্যাকিং ও ট্র্যাকিংয়ের ভয় দেখিয়ে জিম্মি থানা পুলিশের সদস্যদের মানসিক চাপে রাখতে মোবাইল ট্র্যাকিং ও সিডিআরের (কল ডিটেইল রেকর্ড) তথ্য অপব্যবহারের অভিযোগ রয়েছে। একটি অডিওতে অন্যান্য এসআইদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, "আপনার মোবাইলে কার সাথে কি কথা হইছে আমি সব জানি। আপনার মোবাইল কিন্তু এখন হ্যাকড, ক্লিয়ার বইলা দিলাম।"
চলতি বছরের ২০ জুন মামলা ছাড়া আটকে রেখে সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ক্ষমতার দাপট দেখানোর পাশাপাশি এসআই নেয়ামতের বিরুদ্ধে উঠেছে গুরুতর চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ। কোনো মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই এক যুবককে থানায় ৫ ঘন্টা আটকে রেখে ধর্ষণের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে সাড়ে ৮ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী যুবক ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বিচার দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী যুবক বলেন "কোনো মামলা বা আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ ছাড়াই এসআই নেয়ামত স্যার আমাকে হঠাৎ থানায় নিয়ে আসেন। সেখানে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা একটি রুমে আটকে রেখে মানসিক নির্যাতন শুরু করেন। আমাকে পরিষ্কার বলা হয় যদি ২০ লাখ টাকা না দিই তবে এক ধর্ষণের মামলায় আসামি বানিয়ে সারা জীবনের জন্য জেলে পাঠাবে। ৫ ঘণ্টা আটক থাকার পর বাধ্য হয়ে নানাভাবে সাড়ে ৮ লাখ টাকা জোগাড় করে তাঁর হাতে তুলে দেওয়ার পর আমাকে ছেড়ে দেয়। আমি একজন সাধারণ মানুষ পুলিশের এমন ভয়ংকর চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের কাছে নিঃস্ব হয়ে গেছি। আমি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই অন্যায়ের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক সাভার মডেল থানার এক উপ-পরিদর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, "থানার ভেতরে একজন এসআই যদি এভাবে মন্ত্রী, এমপি ও এসপি স্যারের নাম ভাঙিয়ে সবাইকে জিম্মি করে রাখে এবং মামলা ছাড়া মানুষ আটকে টাকা আদায় করে, তবে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বলে কিছু থাকে না। আমরা নিজেরাও মানসিক নির্যাতনে অতিষ্ঠ।"
নাম প্রকাশে অনিচ্ছুক সাভার মডেল থানার আরও এক উপ-পরিদর্শক ক্ষোভ জানিয়ে বলেন, সিনিয়র স্যার রা তার কথা ছাড়া চলে না। তার বুদ্ধিতে সব করে। আমরা আসলে নিরুপায়। মনে হয় ওসি , এসপি সব তিনি। তিনি যা বলবেন তাই হয়। আমাদের কথার বা কাজের কোন দাম নেই। তিনি সত্য কে মিথ্যা আর মিথ্যা কে সত্য বানাতে পারেন। অনেক তদন্ত প্রতিবেদন তিনি টাকার বিনিময়ে পরিবর্তন করে দিয়েছেন। তার বিরুদ্ধে মুখ খুললেই বদলি বা প্রত্যাহারের হুমকি দেন।
এর আগেও অভিযোগ উঠে সাংবাদিক মারধরের মামলায় গ্রেপ্তার হওয়া শামীম রেজাকে রিমান্ডে নির্যাতন না করার শর্তে দুটি আইফোন-১৭ প্রো-ম্যাক্স ঘুষ নেন এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহ। গত ১৪ জুন এসআই নেয়ামত উল্লাহ ও এএসআই লিমন বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর বেজমেন্ট-২, দোকান নং-৮২ (লাইক টেলিকম) থেকে মোবাইল দুটি নেন। অনুসন্ধানে এই দোকানে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এসআই নেয়ামত উল্লাহ আসামি শামীম রেজাকে গ্রেপ্তার না করার শর্তে আগে দুই দফায় সাড়ে ৪ লাখ টাকা নেন, গ্রেপ্তারের সময় নগদ ৩ লাখ ৩৮ হাজার টাকা ও পাঁচটি মোবাইলসহ বিভিন্ন সামগ্রী হেফাজতে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। প্রায় দুই মাস পর শামীম ও তার সাথে গ্রেপ্তার হওয়া দুই ম্যানেজারের ব্যবহৃত মোবাইলগুলো ফেরত দেওয়া হলেও নগদ টাকা, স্বর্ণের আংটি ও অন্যান্য সামগ্রী জব্দ তালিকায় না দেখিয়ে তিনি আত্মসাৎ করেন বলে শামীম রেজার পরিবার দাবি করেছেন।
এসব অনৈতিক লেনদেন ও আসামির পরিবারের সাথে অনাকাঙ্ক্ষিত সখ্যতার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তিনি বহাল তবিয়তে রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ঈশান এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন বলে জানান। এ ঘটনার আরো নতুন নতুন তথ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এ ঘটনার নেপথ্যে অজানা তথ্য উঠে আসতে পারে দ্বিতীয় পর্বে এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলমান।
© দৈনিক ক্রাইম ট্র্যাকার | সর্বস্বত্ব সংরক্ষিত | www.dainikcrimetracker.com
www.dainikcrimetracker.com