![]()
রংপুর মেডিকেলে ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সুশীল গীর, এজাহারে ৭ জনের নাম
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুশীল গীর ওরফে শিয়াল গীর (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পারিবারিক বিরোধের জেরে একই এলাকার কয়েকজনের সঙ্গে সুশীল গীরের কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর রোববার তার মৃত্যু হয়।
নিহতের ছেলে শ্রী কাজল গীর (২৫) তার বাবার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কিশোরগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছেন। এজাহারে আকাশ রায় (২২), শ্যামল রায় (৪৫), ববিতা রানী রায় (৩৮), জুই রানী গীর (২০), বিকাশ গীর (৪৫), ছবিতা রানী গীর (৩৫) ও সুশিল গীর (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে। এজাহার অনুযায়ী, অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা ও পরস্পরের প্রতিবেশী।
এজাহারে অভিযোগ করা হয়, ৮ আগস্ট রাতে পূর্বপরিকল্পিতভাবে সুশীল গীরকে মারধর করা হয় এবং আকাশ রায় লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা যায়, আকাশ রায়ের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে এবং পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় তার স্ত্রী জুই রানী গীরকে মারধরের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এদিকে, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
© দৈনিক ক্রাইম ট্র্যাকার | সর্বস্বত্ব সংরক্ষিত | www.dainikcrimetracker.com
www.dainikcrimetracker.com