![]()
কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি সচল সরকারি শর্টগান,একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে আগ্নেয়াস্ত্র নিয়ে কুমিল্লার দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে নাথেরপেটুয়া এলাকায় বিশেষ কৌশলে তল্লাশি চৌকি স্থাপন করে ডিবি পুলিশের একটি দল।
পরে একটি সন্দেহভাজন ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন। পরে আটক ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো.এয়াকুব খান ওরফে বাবর (৩২)তিনি নোয়াখালীর সেনবাগ থানার জয়নগর গ্রামের মো.তৈয়ব খানের ছেলে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান,পিপিএম বলেন,কুমিল্লা জেলাকে অস্ত্র মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© দৈনিক ক্রাইম ট্র্যাকার | সর্বস্বত্ব সংরক্ষিত | www.dainikcrimetracker.com
www.dainikcrimetracker.com