![]()
ঢাকা,১০ অক্টোবর ২০২৬:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার জন্য চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ছাড়পত্র পাওয়ার পর তাদের মধ্য থেকে একটি প্রতিষ্ঠানকে দ্বিতীয় যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর হিসেবে নির্বাচন করা হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মনোনীত চারটি প্রতিষ্ঠান হলো যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দিনাতা (dnata), যা এমিরেটস গ্রুপের অংশ।
বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বাসসকে জানান, প্রতিষ্ঠানগুলোর নাম বেবিচকের কাছে জমা দেওয়া হয়েছে। এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, নিয়ন্ত্রক বিধিবিধানসহ অন্যান্য বিষয়ে কোনো আপত্তি রয়েছে কি না, তা যাচাই করা হবে। ছাড়পত্র পাওয়ার পর জাপানি কনসোর্টিয়াম যোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করবে। এরপর নির্বাচিত প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স ইস্যু করবে বেবিচক।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আসছে প্রতিযোগিতা
নতুন ব্যবস্থায় তৃতীয় টার্মিনালে যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে নির্বাচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি কাজ করবে। তবে কার্গো বা পণ্য পরিবহন-সংক্রান্ত হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হাতে থাকবে।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আওতায় রয়েছে উড়োজাহাজের সেবা কার্যক্রম, যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা,চেক-ইন রানওয়ে-সংলগ্ন কার্যক্রম এবং উড়োজাহাজের যাত্রার আগে ও পরে প্রয়োজনীয় প্রস্তুতি। এসব কার্যক্রমের দক্ষতা সরাসরি ফ্লাইটের সময়ানুবর্তিতা,নিরাপত্তা এবং যাত্রীসেবার মানকে প্রভাবিত করে।
বিশ্লেষকদের মতে,তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের পর এখন আন্তর্জাতিক মানের পরিচালনব্যবস্থা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। যাত্রীদের ক্ষেত্রে লাগেজ দ্রুত হাতে পৌঁছানো,চেক-ইন প্রক্রিয়ার গতি, সহায়তামূলক সেবা এবং ফ্লাইট বিঘ্নিত হলে কার্যকর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অন্যদিকে,এয়ারলাইনগুলোর জন্য নিরাপদ উড়োজাহাজ পরিচালনা, দ্রুত টার্নঅ্যারাউন্ড এবং সময়সূচি বজায় রাখা হবে সাফল্যের প্রধান মাপকাঠি।
চার প্রতিষ্ঠানের সক্ষমতা
বাসসের পর্যালোচিত শিল্প-তথ্য অনুযায়ী,মেনজিস এভিয়েশন ৬৫টি দেশে ৩৪৭টি বিমানবন্দরে কার্যক্রম পরিচালনা করে। সুইসপোর্টের কার্যক্রম রয়েছে প্রায় ৪৪ থেকে ৪৯টি দেশে প্রায় ৩১০টি বিমানবন্দরে। দিনাতা ৩৫টি দেশে ১৪৬টি বিমানবন্দর বা স্থানে কাজ করে। অন্যদিকে,চেলেবির কার্যক্রম রয়েছে পাঁচটি দেশে ৬০টিরও বেশি বিমানবন্দরে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মেনজিসের কর্মীসংখ্যা ৬৫ হাজারের বেশি, সুইসপোর্টের প্রায় ৪৩ হাজার,দিনাতার ৫৫ হাজারের বেশি এবং চেলেবির প্রায় ৯ হাজার।
বার্ষিক উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। মেনজিস বছরে প্রায় ৫৩ লাখ ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং করে। সুইসপোর্টের ক্ষেত্রে এ সংখ্যা প্রায় ৪০ লাখ এবং দিনাতা বছরে আট লাখ ৮৮ হাজারের বেশি উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড কার্যক্রম পরিচালনা করে।
কার্গো ব্যবস্থাপনায় সুইসপোর্টের সক্ষমতাও উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৬২ লাখ টন কার্গো পরিচালনা করে। দিনাতার ক্ষেত্রে এ পরিমাণ প্রায় ৩২ লাখ টন এবং মেনজিসের প্রায় ২৪ লাখ টন।
বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রস্তাব
বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগ,কর্মসংস্থান ও দক্ষ জনবল তৈরির পরিকল্পনার কারণে মেনজিস এভিয়েশন বিশেষভাবে আলোচনায় এসেছে।
প্রতিষ্ঠানটি নির্বাচিত হলে প্রথম বছরে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ বিনিয়োগের আওতায় থাকবে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট,বিমান চলাচল প্রযুক্তি, কর্মীদের প্রশিক্ষণ এবং পরিচালন সক্ষমতা উন্নয়ন।
মেনজিসের প্রস্তাব অনুযায়ী,সরাসরি এক হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।এসব কর্মীর প্রায় ৯৯ শতাংশ বাংলাদেশি হওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে চার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দর এলাকায় একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও বিমান চলাচল-সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ,ইন্টার্নশিপ ও পেশাগত উন্নয়নের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
লাগেজ সরবরাহে সময়সীমা নির্ধারণের উদ্যোগ
বেবিচক গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান পরিমাপের জন্য নির্দিষ্ট মানদণ্ড তৈরির দিকে এগোচ্ছে। এ ক্ষেত্রে উড়োজাহাজ থেকে প্রথম লাগেজ প্রায় ১৫ মিনিটের মধ্যে এবং সব লাগেজ প্রায় ৪০ মিনিটের মধ্যে সরবরাহের বিষয়টি আলোচনায় রয়েছে।
গত মাসে বাংলাদেশ সফরকালে মেনজিসের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়াবিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি জানান, প্রশস্ত দেহের উড়োজাহাজ থেকে প্রথম লাগেজ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এবং শেষ লাগেজ ৪০ মিনিটের মধ্যে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে।
তিনি জানান,এ কার্যক্রমে রিয়েল-টাইম স্ক্যানিং,ডিজিটাল লাগেজ সমন্বয় এবং সেবার কার্যকারিতা পর্যবেক্ষণের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
অভিজ্ঞতা ও দক্ষতা স্থানান্তরের ওপর গুরুত্ব
সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ মফিদুর রহমান মনে করেন,তৃতীয় টার্মিনালের আধুনিক সুবিধাগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে অভিজ্ঞ অপারেটর প্রয়োজন। তাঁর মতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বাংলাদেশের বিমান চলাচল খাতে দক্ষ জনবল তৈরিতেও ভূমিকা রাখতে পারে।
বিমান চলাচল খাতের উদ্যোক্তা ও টিএএস এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান কে এম মোজিবুল হকও মনে করেন,আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান যুক্ত হলে দক্ষতা,নিরাপত্তা,বিধিবিধান মেনে চলা এবং সেবার মান উন্নত হতে পারে। একই সঙ্গে স্থানীয় কর্মীদের কাছে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান স্থানান্তরের সুযোগ তৈরি হবে।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনগুলোও গ্রাউন্ড সার্ভিসে প্রতিযোগিতা বাড়ানোর পক্ষে মত দিয়েছে। তাদের মতে, প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হলে লাগেজ ব্যবস্থাপনা ও উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমানো এবং সেবার মান উন্নত করার সুযোগ তৈরি হতে পারে।
বিমান চলাচল বিশ্লেষক এ টি এম নজরুলের মতে,যে প্রতিষ্ঠানই চূড়ান্তভাবে নির্বাচিত হোক,তার কার্যক্রম মূল্যায়নে লাগেজ সরবরাহের সময়, উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড,যন্ত্রপাতির প্রাপ্যতা,নিরাপত্তা,কর্মীদের দক্ষতা এবং যাত্রীসেবার মানের মতো সূচক নির্ধারণ করা জরুরি।
এদিকে,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, তৃতীয় টার্মিনালের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড হ্যান্ডলিং সরঞ্জাম কেনা হয়েছে এবং এক হাজারের বেশি অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি লিমিটেড,সুমিতোমো করপোরেশন,নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন। চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হলে কনসোর্টিয়ামটি তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে।
বিশেষজ্ঞদের মতে,তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নিয়োগের সিদ্ধান্তটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি। তবে শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠান নির্বাচিত হবে এবং তাদের কার্যক্রমে যাত্রীসেবার কতটা উন্নতি ঘটবে,তা নির্ভর করবে বাস্তবায়ন,দক্ষতা ও নির্ধারিত মানদণ্ড পূরণের ওপর।
সূত্র:বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস),৯ অক্টোবর ২০২৬।
© দৈনিক ক্রাইম ট্র্যাকার | সর্বস্বত্ব সংরক্ষিত | www.dainikcrimetracker.com
www.dainikcrimetracker.com