মানিকগঞ্জের সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন একনিষ্ঠ ও লড়াকু সৈনিক হিসেবে মাঠপর্যায়ে তার অনমনীয় অবস্থান তাকে ধন্য করেছে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায়। দীর্ঘ দেড় দশক ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আওয়ামী সরকারের চরম নির্যাতন, দমন-পীড়ন এবং একের পর এক রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার হয়েও তিনি আপোসহীনভাবে নিজের অবস্থানে অটল ছিলেন।
রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিংগাইরে বিএনপির রাজনীতিকে নিশ্চিহ্ন করার জন্য যখন চতুর্মুখী আক্রমণ চালানো হচ্ছিল, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তখন শক্ত হাতে হাল ধরে রেখেছিলেন জাহিনুর রহমান সৌরভ। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মহল থেকে তাকে দল পরিবর্তন করা এবং রাজনীতি থেকে নিষ্ক্রিয় রাখার জন্য বিভিন্ন সময়ে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র জানায়, হাজার কোটি টাকার প্রলোভন থেকে শুরু করে দলের বড় বড় লোভনীয় পদ-পদবি দেওয়ার টোপ ফেলা হয়েছিল তার সামনে। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল সৌরভ সব ধরনের প্রলোভন ও অফারকে পদাঘাত করে প্রত্যাখ্যান করেছেন। স্বৈরাচারী সরকারের কোনো রক্তচক্ষু বা অর্থ-বিত্তের লালসা তাকে জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত করতে পারেনি।
বিএনপির দুঃসময়ে যখন অনেক প্রভাবশালী নেতা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন সিংগাইর সদর ইউনিয়নের এই জনপ্রিয় চেয়ারম্যান রাজপথে থেকেছেন অগ্রভাগে। ফ্যাসিবাদের বিপক্ষে কথা বলতে গিয়ে একাধিকবার হামলা ও গায়েবি মামলার শিকার হতে হয়েছে তাকে। কিন্তু কোনো দমন-পীড়নেই তার কণ্ঠকে রোধ করা সম্ভব হয়নি। উল্টো রাজপথে প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে সিংগাইরকে বিএনপির একটি অভেদ্য দুর্গে পরিণত করেছেন তিনি।
শুধু রাজপথের লড়াকু সৈনিকই নন, জাহিনুর রহমান সৌরভ একজন মানবিক জনপ্রতিনিধি হিসেবেও এলাকায় বিপুল প্রশংসিত। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাত হোক কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, সিংগাইরের মানুষের যেকোনো বিপদের খবর পেলেই তিনি ছুটে যান। অসহায়, দুস্থ এবং ভূমিহীনদের কল্যাণে তিনি নিজের সর্বোচ্চ টুকু দিয়ে সবসময় পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত তহবিল এবং সরকারি ত্রাণ সামগ্রী সঠিক বণ্টন নিশ্চিত করে তিনি অবহেলিত মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
এলাকাবাসীর এই ভালোবাসার প্রতিফলন এখন দেখা যাচ্ছে সিংগাইরের চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক দলীয় কার্যালয়গুলোতে। তৃণমূলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের একাংশের তীব্র আকাঙ্ক্ষা—আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাহিনুর রহমান সৌরভকে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান তারা। তাদের মতে, সৌরভের মতো একজন ত্যাগী, সাহসী ও সৎ নেতৃত্ব সংসদে গেলে সিংগাইরের গণমানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব।
নেতাকর্মী ও এলাকাবাসীর এই প্রত্যাশার জবাবে চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “যতদিন বেঁচে থাকব, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করেই বেঁচে থাকব। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি জিয়ার আদর্শ ছাড়ব না। ক্ষমতার লোভ বা মামলার ভয় দেখিয়ে সৌরভকে দমানো যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। অসহায় মানুষের সেবা করা আমার পবিত্র দায়িত্ব, যা আমি আমৃত্যু করে যাব এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার এই অঙ্গীকার আমি অক্ষরে অক্ষরে পালন করব।”
সিংগাইরে আওয়ামী লীগের বিপক্ষে শক্ত ঘাঁটি গড়ে তুলে মাঠের রাজনীতিতে অনড় থাকা এই তরুণ ও ত্যাগী নেতার রাজনৈতিক দূরদর্শিতা এবং মানবিক গুণাবলি আগামী দিনে সিংগাইরের রাজনীতিতে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা --------এলাকার ৬০ বছর বয়সী এক বৃদ্ধা আক্ষেপ ও আবেগঘন কণ্ঠে বলেন, "সৌরভ আমাদের সিংগাইরের গৌরব। জীবনের শেষ প্রান্তে এসে আমার একটাই আকুতি—আমি সৌরভকে সিংগাইরের সংসদ সদস্য হিসেবে দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।
© দৈনিক ক্রাইম ট্র্যাকার | সর্বস্বত্ব সংরক্ষিত | www.dainikcrimetracker.com
www.dainikcrimetracker.com