মৌলভীবাজার-১ (জুড়ী বড়লেখা) অঞ্চলের নৃগোষ্ঠী ও বৈচিত্র্যময় ধর্মীয় সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার জন্য মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহোদয়ের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। (এই অঞ্চলের নৃগোষ্ঠী ও বৈচিত্র্যময় ধর্মীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক চর্চার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা গ্রহণে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করিয়াছে কিনা করিলে, এই বিষয়ে কী ধরনের প্রকল্প বা বরাদ্দ করা হইয়াছে।
জবাবে মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী সরকারের আন্তরিকতা ও প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন বলেন মৌলভীবাজার-১ (জুড়ি বড়লেখা) অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বৈচিত্র্যময় ধর্মীয় সম্প্রদায়ের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনশৈলী সংরক্ষণ, প্রদর্শন এবং তাদের নিজস্ব সংস্কৃতির মুক্ত চর্চার পরিবেশ নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। উক্ত উপজেলাসমূহের নৃগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক চর্চার জন্য একটি সুনির্দিষ্ট স্থান বা বহুমাত্রিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে উপযুক্ত খাস জমি চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, বিকাশ ও উন্নয়ন’ খাতের বিশেষ কর্মসূচির আওতায় এই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের উৎসব ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য প্রতি অর্থ-বছরে বিশেষ আর্থিক বরাদ্দ প্রদান করা হচ্ছে।