বোরকা-ফেসমাস্কে পরিচয় গোপন রেখে উত্তরখান ভূমি অফিসে ডিসি ফরিদা খানম,শুনলেন সেবাগ্রহীতাদের কথা
নিজস্ব প্রতিবেদক:
সরকারি দপ্তরে সাধারণ মানুষ কী ধরনের সেবা পাচ্ছেন এবং সেবা নিতে গিয়ে তাদের কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে কি না—তা সরেজমিনে জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বোরকা ও ফেসমাস্ক পরে সাধারণ মানুষের মতো উত্তরখান ভূমি অফিসে গিয়ে সেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেছেন তিনি।
সাধারণত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি দপ্তর পরিদর্শনে গেলে আগে থেকেই সংশ্লিষ্টদের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে যায়। ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম,সেবাগ্রহীতাদের ভোগান্তি কিংবা অনিয়মের প্রকৃত চিত্র অনেক সময় পুরোপুরি সামনে আসে না। এ বিষয়টি বিবেচনায় নিয়েই এবার অনেকটা ছদ্মবেশে সাধারণ মানুষের সঙ্গে মিশে ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডিসি ফরিদা খানম।
পরিদর্শনের সময় তিনি সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকেন। দায়িত্বে থাকা কর্মীদের কাছে জানতে চান, জমির মিউটেশন বা নামজারি করতে কী কী প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সরকারি ফি কত এবং একজন নাগরিককে সেবা পেতে কী কী ধাপ অতিক্রম করতে হয়।
একই সঙ্গে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। সেবা নিতে গিয়ে তারা কোনো ধরনের হয়রানি, বিলম্ব কিংবা জটিলতার মুখোমুখি হচ্ছেন কি না—সেসব বিষয়ও জানার চেষ্টা করেন।
সরেজমিনে অফিসের কার্যক্রম ও সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা পর্যবেক্ষণের পর নিজের পরিচয় প্রকাশ করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও নিয়ম অনুযায়ী সেবা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। কোনো নাগরিককে অযথা হয়রানি কিংবা সেবা প্রদানে অকারণে বিলম্ব না করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা যখন আনুষ্ঠানিক প্রটোকল এড়িয়ে সরাসরি সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে সরকারি সেবার বাস্তব চিত্র বোঝার চেষ্টা করেন, তখন বিষয়টি স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন সরকারি সেবার মানোন্নয়ন এবং নাগরিক ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ঢাকা জেলা প্রশাসনের ছাদে পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ‘আকাশ নীড়’ নামে একটি উদ্যোগও নেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির গাছের পাশাপাশি পাখিদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ