তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। পঞ্চম দফার এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৩৬৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মো.আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ সমন্বিতভাবে অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব এলাকাকে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, আটক ৩৬৩ জনের মধ্যে কারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত,তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৩৬৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জেলা পুলিশ জানিয়েছে,উঠতি বয়সী কিশোর ও তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন,সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।