ঝালকাঠির কাঠালিয়ায় এক চিকিৎসকের নিবন্ধন ও চিকিৎসা কার্যক্রম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তিন সাংবাদিককে আটক, লাঞ্ছিত ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য অপু শিকদারের বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাঠালিয়া উপজেলা সদরে ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
লাঞ্ছিত সাংবাদিকরা হলেন ইমরান মুন্সি, রাহাতুজ্জামান ও মো.মেহেদী হাসান। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালিয়া সদরে ডিএমএফ চিকিৎসক ডা. সুজিত বৈদ্য দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে,২০২৫ সালের ২২ মার্চ তার নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে। এরপরও তিনি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন—এমন অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদের একটি দল তার প্রতিষ্ঠানে যায়।
সাংবাদিকদের অভিযোগ, এ সময় ডা. সুজিত বৈদ্যের পক্ষে অবস্থান নিয়ে অপু শিকদার তাদের সংবাদ সংগ্রহ ও প্রকাশে বাধা দেন। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং তাদের কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনার পর স্থানীয় পর্যায়ে অপু শিকদারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় থেকেই অপু শিকদার এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, অসাধু ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও বিরোধীদের হয়রানি করার অভিযোগ রয়েছে। কেউ কেউ হামলা ও মামলার ভয় দেখানোর অভিযোগও করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, মাদক কারবার, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা এলাকায় আলোচিত হলেও ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় তিনি আগের মতোই প্রভাব বিস্তার করছেন—এমন অভিযোগও করেছেন কয়েকজন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
অন্যদিকে,ডা.সুজিত বৈদ্যের বিরুদ্ধেও ভুল চিকিৎসার অভিযোগ করেছেন কয়েকজন রোগী ও স্বজন। তাদের দাবি, চিকিৎসা নেওয়ার পর শারীরিক জটিলতা দেখা দিলে পরবর্তীতে অন্য হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করার মতো চিকিৎসা নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোরও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
সাংবাদিকদের ভাষ্য,জনস্বার্থে কোনো চিকিৎসকের নিবন্ধন,চিকিৎসা কার্যক্রম কিংবা অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা সংবাদমাধ্যমের স্বাভাবিক দায়িত্ব। সেখানে সাংবাদিকদের আটক,লাঞ্ছিত বা সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর।স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন বলেন ঘটনাটি তারা জানতে পেরেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে,অপু শিকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা কতটুকু এবং সাংবাদিকদের সঙ্গে আসলে কী ঘটেছিল—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি উঠেছে। একই সঙ্গে চিকিৎসক ডা. সুজিত বৈদ্যের নিবন্ধন ও চিকিৎসা কার্যক্রমের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন—কে এই অপু শিকদার,তার ক্ষমতার উৎস কোথায় এবং সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের পেছনে কারা রয়েছে? এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে বলে মনে করছেন তারা।