কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে মাই টিভির সাংবাদিক আব্দুল কাইয়ুম পাটোয়ারীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোরও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কুমিল্লার আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জানা গেছে,গত ২৭ আগস্ট মাই টিভিতে মুরাদনগর উপজেলার দারোরা গ্রামে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক আব্দুল কাইয়ুম পাটোয়ারী। প্রতিবেদনটি প্রচারের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে অভিযান চালিয়ে ওই এলাকায় বেশ কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাংবাদিক কাইয়ুম পাটোয়ারীর অভিযোগ,সংবাদ প্রকাশের পরদিন ২৮ আগস্ট রাতে মামলার এক নম্বর আসামি শাখাওয়াত হোসেন তুহিন তাকে একটি ভিত্তিহীন ও বানানো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন,চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সংবাদ প্রতিদিন’নামের একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে তাকে সামাজিকভাবে হেয় ও হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ৯ সেপ্টেম্বর কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন সাংবাদিক আব্দুল কাইয়ুম পাটোয়ারী। বাদীপক্ষের আইনজীবীর দাবি,আদালত মামলাটি আমলে নিয়েছেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বলেন,তার মক্কেল সাংবাদিক আব্দুল কাইয়ুম পাটোয়ারীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তারা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
সাংবাদিক আব্দুল কাইয়ুম পাটোয়ারীও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ন্যায়বিচার দাবি করেছেন।
তবে মামলায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত,তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।