কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার (৭০) ও মঞ্জুরুল আলম টিটু (৩৬) নামে দুজন নিহত হয়েছেন। সম্পর্কে তাঁরা ফুফু ও ভাতিজা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালেদা আক্তার দড়ানীপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। আর মঞ্জুরুল আলম টিটু একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য,বাবুটিপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম টিটু গুরুতর আহত হন।
নিহতদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাঁদের গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন,খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম টিটুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
এদিকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।