কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানো হচ্ছে। অপর দুই প্রাপ্তবয়স্ক আসামি তুহিন (১৯) ও সিয়ামকে (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে দুই কিশোর মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসান (১৬)কে সংশোধনাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অপর দুই আসামি তুহিন ও সিয়ামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
এসআই সাইফুল ইসলাম আরও জানান, চার আসামির মধ্যে সিয়ামকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, রোববার রাতে পুলিশ হত্যা মামলায় গ্রেফতার চার আসামিকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। তাদের মধ্যে দুই কিশোরকে সোমবার গাজীপুর জেলার টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ফাহাদ ও কামরুল বয়সে কিশোর হওয়ায় তাদের সংশোধনাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে তুহিন ও সিয়াম প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
এর আগে রোববার রাতে অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে সিয়াম ছাড়া অপর তিনজন—তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান—আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।
নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে। গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।