সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সাভার পৌর কমিউনিটি পুলিশ। সাভার পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন কমিউনিটি পুলিশের সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বল। তাঁর নেতৃত্বে সাভার পাকিজা পুলিশ লাইন্স এলাকার সামনের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে নিয়মিত দায়িত্ব পালন করছেন কমিউনিটি পুলিশের সদস্যরা।
মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে একদল শিক্ষার্থী ও বেকার যুবক স্বেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশ পুলিশের সহযোগী হয়ে ট্রাফিক ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি, জনসমাগম নিয়ন্ত্রণ, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ দিবস এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কোনো ধরনের আর্থিক লাভের প্রত্যাশা ছাড়াই সমাজ ও দেশের কল্যাণে নিজেদের সময় ও শ্রম উৎসর্গ করে চলেছেন তারা।
দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও বেকার যুবকেরা বলেন, “আমরা দেশের জনস্বার্থে দীর্ঘদিন ধরে কমিউনিটি পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সহযোগী হিসেবে কাজ করে আসছি। যতদিন সুযোগ থাকবে, ততদিন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখব। রোদ, বৃষ্টি কিংবা ঝড়—কোনো প্রতিকূল আবহাওয়াই আমাদের দায়িত্ব পালনে বাধা হতে পারে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের কল্যাণে কাজ করতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। মানুষের ভালোবাসা ও সম্মানই আমাদের অনুপ্রেরণা। তাই কোনো কষ্টই আমাদের কাছে কষ্ট মনে হয় না।”
স্থানীয় বাসিন্দাদের মতে, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের আন্তরিকতা, নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতার কারণে সাভার পৌর কমিউনিটি পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়েছে। তাঁর সঠিক দিকনির্দেশনায় শিক্ষার্থী ও বেকার যুবকদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
সচেতন মহলের অভিমত, বর্তমান সময়ে সমাজ গঠনে তরুণদের ইতিবাচক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও বেকার যুবকদের এই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ শুধু অপরাধ প্রতিরোধেই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের দক্ষ নেতৃত্বে পরিচালিত সাভার পৌর কমিউনিটি পুলিশ আজ জনসম্পৃক্ত নিরাপত্তা ব্যবস্থার একটি অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সমাজের আরও বেশি শিক্ষার্থী ও তরুণ এতে সম্পৃক্ত হয়ে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।