কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) ভোর ৪টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং ৩০০ গজ অভ্যন্তরে উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।