নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সাময়িক বরখাস্ত করে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সরকারি খাস জমি বেআইনিভাবে দখলের অভিযোগকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারি খাস জমি দখলের অভিযোগ নিয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান-এ একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে অভিযোগের বিষয়ে তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়ার পর চেয়ারম্যানের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ পদটি শূন্য ঘোষণার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
চ্যানেল ওয়ানের অনুসন্ধানী টিমের উদ্যোগে প্রতিবেদনটি তৈরি করেন খ্যাতিমান ক্রাইম জার্নালিস্ট ও উপস্থাপক আবু সাঈদ অপু। এ-নিউজ নেটওয়ার্ক টিমের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ অপু চ্যানেল ওয়ানে যোগদানের আগে প্রায় ১৫ বছর ঢাকায় মাইটিভির জনপ্রিয় অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘ঘটনা অন্তরালে’ উপস্থাপনা ও এর ঘটনাপ্রবাহ নির্মাণের দায়িত্বে ছিলেন।
পরবর্তীতে তিনি এটিএন বাংলায় নির্বাচনকালীন বিশেষ প্রতিবেদক হিসেবেও কাজ করেন। টেলিভিশন সাংবাদিকতার পাশাপাশি আবু সাঈদ অপু দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন লেখক,গায়ক,সাহিত্যিক ও কলামিস্ট হিসেবেও পরিচিত। বিভিন্ন সময় অপরাধ,অনিয়ম,দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তার ভূমিকা আলোচিত হয়েছে।
কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত এবং পদটি শূন্য ঘোষণার ঘটনায় স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। সরকারি খাস জমি দখলের অভিযোগের বিষয়ে প্রশাসনিক তদন্তের ফলাফলের ভিত্তিতেই মন্ত্রণালয় এ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
সবার আগে দেশ-বিদেশের সকল খবর জানতে চোখ রাখুন দৈনিক ক্রাইম ট্র্যাকারে—নিউজটি উপভোগ করুন।